
নওগাঁর পত্নীতলায় পুলিশ সুপারের নির্দেশনায় মাদকবিরোধী পৃথক অভিযানে ভারতীয় তৈরি অবৈধ মাদকদ্রব্য ইসকাফ (Eskuf) উদ্ধারসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে মাদকসেবনের অভিযোগে আরও পাঁচজনকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে পত্নীতলা থানা পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে পত্নীতলা আবাদিয়াপাড়ার নজরুল শাহের ইটভাটা থেকে মো. রফিকুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ওই এলাকার আমির উদ্দিনের ছেলে।
পরে তার হেফাজতে থাকা ২০ (বিশ) বোতল ভারতীয় তৈরি অবৈধ মাদকদ্রব্য ইসকাফ (Eskuf) উদ্ধার করা হয়। এ ঘটনায় রফিকুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পত্নীতলা থানায় মামলা দায়ের করা হয়েছে।
এদিকে, বুধবার (১৯ আগস্ট) পত্নীতলা থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে মাদকসেবনের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের বিরুদ্ধে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
পত্নীতলা থানা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা ও মাদকসেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
