
‘মাঠে মাঠে উল্লাস, খেলাধুলা বারো মাস; খেলার মাঠে মন দাও, মাদককে বিদায় দাও’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সামিউল হক স্পোর্টস একাডেমির আয়োজনে এবং নালিতাবাড়ী উপজেলা প্রশাসনের সহযোগিতায় শেরপুরের নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনায়ক অমিত হাসান ও ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। তাদের উপস্থিতিতে উৎসবমুখর হয়ে ওঠে পুরো মাঠ।
শুক্রবার (২১ আগস্ট) বিকেল চারটায় নালিতাবাড়ী উপজেলার কালাকুমা আলহাজ আব্দুল খালেক মিনি স্টেডিয়ামে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। সামিউল হক স্পোর্টস একাডেমি এ টুর্নামেন্টের আয়োজন করে। সহযোগিতায় ছিল নালিতাবাড়ী উপজেলা প্রশাসন।
ফাইনালে মুখোমুখি হয় নালিতাবাড়ী ইউনিয়ন ও নয়াবিল ইউনিয়ন। নির্ধারিত সময়ে খেলা অমীমাংসিত থাকায় টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে নালিতাবাড়ী ইউনিয়নকে ৫–৪ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নয়াবিল ইউনিয়ন।
নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। বিশেষ অতিথি ছিলেন শেরপুরের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, ‘মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের মতো আয়োজন যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খেলাধুলার মাধ্যমে তরুণদের সুস্থ ও সুন্দর পরিবেশে যুক্ত রাখা সম্ভব।’
সামিউল হক স্পোর্টস একাডেমির চেয়ারম্যান মো. সামিউল হক বলেন, ‘তরুণ ও যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। আমাদের এই আয়োজনের মূল উদ্দেশ্য শুধু একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা নয়, বরং তরুণদের মাঠমুখী করা এবং মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরি করা। টুর্নামেন্টটি সফল করতে উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, খেলোয়াড়, ক্রীড়াপ্রেমী দর্শকসহ যারা সহযোগিতা করেছেন, তাঁদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু সায়েম, নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, রামচন্দ্রকুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক দেলোয়ার, প্রেসক্লাব নালিতাবাড়ীর সিনিয়র সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
খেলা শেষে বিজয়ী নয়াবিল ইউনিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। ফাইনাল খেলা দেখতে নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী ও স্থানীয় লোকজন মাঠে উপস্থিত হন।
