
শেরপুরের নালিতাবাড়ীতে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১০ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) সকালে উপজেলার সীমান্তবর্তী পোড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া উচ্চ বিদ্যালয়ের সেমিনার কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্থানীয় আলেপ আলী ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুজা উদ্দিন। স্বাগত বক্তব্য দেন আলেপ আলী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক উবায়দুল ইসলাম সোহাগ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নাকুগাঁও স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমশ্চুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নালিতাবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতির সভাপতি মো. সাইফুল ইসলাম, সন্নাসীভিটা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও নালিতাবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল হান্নান, শেরপুরের কুমরিকাটাজান বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রুহুল আমীন লিটন এবং নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী মো. হোসেন আলী বিএসসি।
এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন পলাশীকুড়া জনতা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আমানুল্লাহ রতন, পোড়াগাঁও দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা মো. মঞ্জুর মাওলা ও সমশ্চুড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কালাচাঁন পাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমশ্চুড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু রায়হান।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য অভিনন্দন জানান এবং তাঁদের ভবিষ্যৎ শিক্ষা ও কর্মজীবনে সাফল্য কামনা করেন। পরে আলেপ আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে জিপিএ-৫ পাওয়া ১০ শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক ব্যক্তিসহ প্রায় দুই শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
