
নওগাঁর বদলগাছীতে কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করেই ছোট যমুনা নদী থেকে অবাধে চলছে অবৈধ বালু উত্তোলন। দিন-রাত ২৪ ঘণ্টাই প্রকাশ্য দিবালোকে ও রাতের আঁধারে কাটা হচ্ছে এই বালু। এর ফলে নদীগর্ভে বিলীন হওয়ার চরম ঝুঁকিতে পড়েছে নালুবাড়ী সরকারি আবাসন প্রকল্পের প্রায় ৮০টি পরিবার।
স্থানীয় অধিবাসীদের সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বদলগাছী উপজেলার নালুবাড়ী এলাকায় নদীর বুক চিরে বালু উত্তোলন করে আসছে একশ্রেণির প্রভাবশালী মহল। নদী থেকে অবিরত বালু তোলার কারণে পাড়ে তীব্র ধস দেখা দিয়েছে।
সবচেয়ে আশঙ্কাজনক বিষয় হলো, নদীঘেঁষা নালুবাড়ী আবাসন প্রকল্পের ঘরগুলো নদীর একেবারে দ্বারপ্রান্তে চলে এসেছে। যেকোনো মুহূর্তে বড় ধরনের ধসে সম্পূর্ণ আবাসন প্রকল্পটি নদীগর্ভে তলিয়ে যেতে পারে বলে চরম আতঙ্কে রাত কাটাচ্ছেন এখানকার বাসিন্দারা।
আবাসন প্রকল্পের বাসিন্দারা তীব্র ক্ষোভ প্রকাশ করে জানান, দিন-রাত ২৪ ঘণ্টা দিবালোকে ও রাতের আঁধারে কাটছে বালু। ধূলাবালিতে এলাকায় স্বাস্থ্যঝুঁকি বেড়েছে, পাশাপাশি গ্রামীণ কাঁচা-পাকা রাস্তাগুলোও ভেঙে চলাচলের অযোগ্য হয়ে পড়ছে। স্থানীয়রা একাধিকবার বালু তোলায় বাধা দিলেও প্রভাবশালী চক্রের হুমকির মুখে তারা কোনো সুরাহা পাননি।
এ বিষয়ে ভুক্তভোগী পরিবারগুলো নদীর স্বাভাবিক গতিপথ রক্ষা এবং নালুবাড়ী সরকারি আবাসন প্রকল্পটি রক্ষার্থে অনতিবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি জানিয়েছেন। পাশাপাশি এই অবৈধ বালু বাণিজ্যের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য জেলা ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
