
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১ নং পোড়াগাঁও ইউনিয়নের বিভিন্ন কাঁচা রাস্তা সংস্কারে ব্যক্তিগত উদ্যোগে কাজ করছেন চেয়ারম্যান পদপ্রার্থী সিরাজুল ইসলাম রাজু। দীর্ঘদিন ধরে বর্ষা মৌসুমে ইউনিয়নের বিভিন্ন কাঁচা ও ক্ষতিগ্রস্ত রাস্তা মাটি ফেলে চলাচলের উপযোগী করার কাজ করছেন তিনি।
স্থানীয়রা জানান, বর্ষাকালে অতিবৃষ্টির কারণে ইউনিয়নের বিভিন্ন কাঁচা রাস্তায় পানি ও কাদা জমে যায়। এতে যানবাহন চলাচলের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের পায়ে হেঁটে চলাচলেও দুর্ভোগ পোহাতে হয়। এমন পরিস্থিতিতে সিরাজুল ইসলাম রাজুর উদ্যোগে বিভিন্ন কাঁচা রাস্তার ক্ষতিগ্রস্ত অংশে মাটি ফেলে সংস্কার করায় স্থানীয়দের চলাচলে কিছুটা স্বস্তি ফিরেছে।
তারা আরও জানান, বর্ষা মৌসুমে কাঁচা রাস্তাগুলো দ্রুত ক্ষতিগ্রস্ত হওয়ায় নিয়মিত সংস্কারের প্রয়োজন হয়। স্থানীয়ভাবে এ ধরনের উদ্যোগ নেওয়ায় সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন।
চেয়ারম্যান পদপ্রার্থী সিরাজুল ইসলাম রাজু বলেন, “এলাকার মানুষের চলাচলের দুর্ভোগের কথা বিবেচনা করেই আমি ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন কাঁচা রাস্তা সংস্কারের কাজ করে যাচ্ছি। মানুষের প্রয়োজনের সময়ে পাশে থাকার চেষ্টা করছি। আসন্ন ইউপি নির্বাচনে আমি সকলের সহযোগিতা ও ভোট প্রার্থনা করছি। নির্বাচিত হলে এলাকার মানুষের কল্যাণে এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কাজ আরও বেশি করে করতে চাই।”
স্থানীয়দের ভাষ্য, ইউনিয়নের বিভিন্ন এলাকার কাঁচা রাস্তাগুলো স্থায়ীভাবে সংস্কার ও উন্নয়ন করা হলে বর্ষাকালে তাদের দুর্ভোগ আরও কমবে।
