
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ৪৫ বছর বয়সী এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে শফিকুল ইসলাম নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার ১ নং পোড়াগাঁও ইউনিয়নের পশ্চিম সমশ্চুড়া গ্রামে এ ঘটনা ঘটে।
শফিকুল ইসলাম একই গ্রামের সবদর আলীর ছেলে।
স্থানীয় সূত্র ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার সকাল নয়টার দিকে শফিকুল ইসলাম পশ্চিম সমশ্চুড়া গ্রামের ওই প্রতিবন্ধী পরিবারের বসতঘরে প্রবেশ করেন। পরিবারের সদস্যদের অভিযোগ, এ সময় তিনি ঘরে থাকা এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণ করেন। পরে বাড়ির অন্য স্বজনেরা বিষয়টি দেখতে পেয়ে শফিকুলকে আটক করে একটি গাছের সঙ্গে বেঁধে রাখেন। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ বিকেলে ঘটনাস্থলে গিয়ে শফিকুলকে আটক করে থানায় নিয়ে যায়।
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, আটক শফিকুল ইসলামও বুদ্ধিপ্রতিবন্ধী। তবে তার প্রতিবন্ধিতার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত দেবাশীষ দত্ত বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় শফিকুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া সাপেক্ষে মামলা গ্রহণ করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
