
বগুড়ার শিবগঞ্জে ১০০ গ্রাম গাঁজাসহ আব্দুল আলীম (৩৬) নামে তালিকাভুক্ত এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (৪ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুল আলীম শিবগঞ্জ উপজেলার সোনাপুর গ্রামের মৃত সামাদ সরকারের ছেলে। ডিএনসি সূত্রে জানা যায়, আব্দুল আলীম তালিকাভুক্ত একজন মাদক ব্যবসায়ী।
ডিএনসি বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এবং শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে আব্দুল আলীমের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আব্দুল আলীমকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। আদালতের নির্দেশনা অনুযায়ী উদ্ধার করা গাঁজা ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ বেচাকেনা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
