রবিবার (১৭ আগস্ট) ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব (রুটিন দায়িত্ব) মজিবর রহমানের সঙ্গে বৈঠক করেছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান আমিনুল ইসলাম। বৈঠকে সুপারিশের সারসংক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে।
সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
এনটিআরসিএর চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বলেন, ‘৪১ হাজারের অধিক প্রার্থীকে নিয়োগ সুপারিশ করা হবে। এ বিষয়ে সচিবের সঙ্গে আলোচনা হয়েছে। সুপারিশের আগে কতজনকে নিয়োগ সুপারিশ করা হবে সেটি বলা ঠিক হবে না।
গত ১৬ জুন লক্ষাধিক শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। এ গণবিজ্ঞপ্তিতে আবেদনগ্রহণ শুরু হয় গত ২২ জুন। যা চলে ১০ জুলাই রাত ১২টা পর্যন্ত।
এনটিআরসিএ সূত্রে জানা গেছে, এ গণবিজ্ঞপ্তিতে ৫৭ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছেন।
অথচ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের বিভিন্ন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে মোট এক লাখ ৮২২টি শূন্যপদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে—স্কুল ও কলেজে রয়েছে ৪৬ হাজার ২১১টি, মাদ্রাসায় ৫৩ হাজার ৫০১টি এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে এক হাজার ১১০টি পদ ফাঁকা। সে হিসেবে প্রায় অর্ধেকের মতো পদ ফাঁকাই থেকে যাবে।