
তাওহিদুজ্জামান রোমান
নিজস্ব প্রতিবেদক, জনগণের কন্ঠ
শেরপুরের নালিতাবাড়ীতে একটি ফিলিং স্টেশনে দায়িত্বে অবহেলার অভিযোগে দায়িত্বরত ট্যাগ অফিসার মুক্তার হোসেনকে সতর্ক করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২ এপ্রিল) হাজী সাইজ উদ্দিন ফিলিং স্টেশনে তেল সরবরাহকে কেন্দ্র করে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, দায়িত্বে থাকা ট্যাগ অফিসার পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা না রেখে নিজেই নিয়ম ভেঙে উল্টো পথে এসে তেল সংগ্রহ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে তেল সরবরাহ শুরু হলে লাইনে শৃঙ্খলা ভেঙে শত শত মোটরসাইকেল আরোহী একসঙ্গে স্টেশনে প্রবেশ করেন। এতে হট্টগোল ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। একপর্যায়ে উত্তেজিত কয়েকজন ফিলিং স্টেশনের কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং হাতাহাতির ঘটনাও ঘটে।
এ সময় শৃঙ্খলা রক্ষায় ফিলিং স্টেশন কর্তৃপক্ষ দায়িত্বরত কর্মকর্তার সহযোগিতা চাইলেও তিনি তা উপেক্ষা করেন বলে অভিযোগ ওঠে। বরং তিনি নিজেই অন্যদের মতো নিয়ম ভেঙে লাইনে দাঁড়িয়ে তেল নেন। এতে পরিস্থিতি আরও অবনতির দিকে যায়।
স্টেশনের বিভিন্ন দিক দিয়ে অনিয়ন্ত্রিতভাবে মোটরসাইকেল প্রবেশ করায় এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। অনেক ভোক্তা দীর্ঘ সময় অপেক্ষা করেও তেল সংগ্রহ করতে না পেরে ফিরে যান। আবার কেউ কেউ একাধিকবার তেল নেওয়ার সুযোগ পান বলেও অভিযোগ রয়েছে। পরবর্তীতে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন বলেন, “দায়িত্বে অবহেলার কারণে সংশ্লিষ্ট কর্মকর্তাকে অফিসিয়ালি সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।”
