ফিরোজ হোসাইন নওগাঁ প্রতিনিধি,
নওগাঁয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফি বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের ফি বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। রবিবার দুপুর ১২ টারদিকে নওগাঁ সরকারি কলেজের প্রধান ফটকের সামনে ঘন্ট্যাব্যাপি এ কর্মসূচি পালন করেন তারা। শেষে শিক্ষার্থীর নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সামসুল হকের নিকট একটি স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অযৌক্তিক ফি অবিলম্বে প্রত্যাহার করতে হবে। শিক্ষার্থী বান্ধব এবং সহনশীল ফি নির্ধারণ, ইমপ্রুভ ফি সর্বোচ্চ ৩০০ টাকা, ফলাফল পূনঃমূল্যায়ন ফি ১০০ টাকা, সার্টিফিকেট ফি সর্বোচ্চ ২০০ টাকা, আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের বিশেষ সহায়তার দাবি জানান। এ সময় তারা ‘অযৌক্তিক ফি বৃদ্ধি মানি না, মানবো না, ফি বৃদ্ধি প্রত্যাহার করো, করতে হবে, একশান একশান, ডাইরেক্ট একশান’ সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। শিক্ষার্থীরা বলেন, গত বছর আমাদের যে সমস্ত বিভাগের ফি ছিলো ২২০০-২৩০০ টাকা, এ-বছর ৩৩০০-৩৫০০ টাকা করা হয়েছে। এই ফি বৃদ্ধি তো সম্পূর্ণ অযৌক্তিক। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯০ শতাংশ শিক্ষার্থী নিম্ন-মধ্যবিত্ত এবং অসচ্ছল পরিবারের। হঠাৎ করেই ফি বৃদ্ধির ফলে অনেক শিক্ষার্থী ভোগান্তির মধ্যে পড়েছে। শিক্ষার মান উন্নয়ন না করে ফি বাড়ানো সম্পূর্ণ অযৌক্তিক। আমরা অনতিবিলম্বে এই ফি প্রত্যাহার চাই। বিক্ষোভ সমাবেশে এবং মানববন্ধনে, নওগাঁ সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মারুফ আহমেদ আকন্দ, হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আজমাইন আহমেদ, মনিরুল ইসলাম শামীম, অন্তর হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মিজানুর রহমানসহ অন্যরা বক্তব্য রাখেন। এ বিষয়ে নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সামসুল হক বলেন, শিক্ষার্থীদের স্মারকলিপি গ্রহন করেছি। তাদের দাবি গুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রেরন করা হবে।