জনগণের কন্ঠ

গতকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৭টা ৩০ মিনিটে মোহাম্মদ কবির হোসেনের স্বাগত বক্তব্যের মাধ্যমে এবং ড. মিম আতিক উল্লাহর সভাপতিত্বে মাদরাসা অডিটোরিয়ামে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ডিরেক্টর মো. আসলাম মিয়ার উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে প্রথম অধিবেশনের কার্যক্রম শুরু হয়।
প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মিজানুর রহমান। তিনি আদর্শ সন্তান গঠনে পিতা-মাতার ভূমিকার নানা দিক নিয়ে আলোচনা করেন।
দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেয মাওলানা হাবিবুল্লাহ মুহাম্মদ ইকবাল। প্রধান আকর্ষণ ছিলেন লেখক ও গবেষক কাজী মো. ইব্রাহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকার সহকারী সম্পাদক মাওলানা আবদুল জব্বার। তাঁরা বিজয়ী শিক্ষার্থীদের হাতে কৃতি সম্মাননা ও পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত, হামদ, তানযীম সংগীত, আরবি ও ইংরেজি বক্তব্য, কবিতা আবৃত্তি, ইসলামী সংগীত, জুলাই সংগীত, দেশের গান, উর্দু গজলসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
এ সময় নার্সারি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের পুরস্কার, সান্ত্বনা পুরস্কার ও মেরিট অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত হয়ে অনুষ্ঠান উপভোগ করেন।
